২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

দেশকে বাঁচান,সবাই ঐক্যবদ্ধ হোন: ড.কামাল

আপডেট: অক্টোবর ৪, ২০১৯

বক্তব্য দিচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ওগণফোরাম সভাপতি ড.কামাল হোসেন। ছবি: বিজয় নিউজ

বিজয় নিউজ::  জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ক্ষমতাসীনরা দেশের শাসন ব্যবস্থাকে নষ্ট করছে। সারা দেশে দুর্নীতি ভরে গেছে, অর্থনীতি ধ্বংস হচ্ছে।

দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, ব্যাংকিং ব্যবস্থা শেষ। ধর্ষণের পর হত্যা, আইনের শাসন অনুপস্থিত। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় সরকারের অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ক্যাসিনো বিএনপির সময়ে হয়েছিল আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে ড. কামাল বলেন, গত দশ বছরতো বিএনপি ছিল না। এই দশ বছরে ক্ষমতাসীনরা যা করেছে সেই ক্রেডিটও তারা বিএনপিকে দিতে চায়।

বিএনপি অনেক কিছু করতে পারে, কিন্তু দশ বছর বিএনপি ক্ষমতায় নাই। এই সময়ে যা হয়েছে সেটাও বিএনপি করেছে এই অভিযোগটা গ্রহণযোগ্য না।

তিনি বলেন, দেশের অবস্থা নিয়ে সবাই গভীরভাবে উদ্বিগ্ন। এই সরকারকে তো আমরা ভোট দেইনি। তাদের এই কার্যকলাপের জন্য আমরা তাদের প্রত্যাখ্যান করতে বাধ্য। সেটা নিয়ে কোনো দ্বিমতের প্রয়োজন নেই। এখানে কেউ দ্বিমতও করবে না।

ড. কামাল বলেন, ভোট হতে দেননি। ২৯-৩০ ডিসেম্বর কেউ ভোট দিয়েছিলেন? আমি একজনও খুঁজে পাচ্ছি না যে ভোট দিয়েছিল। আপনারা পেলে তার ফোন নম্বর আমাকে দেবেন। অনেকে আমাকে বলেছেন ইলেকশন হয়েছে সেটা জানেও না। এই জিনিসটা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক।

তিনি বলেন, আল্লাহ বলেছে কিছু চাইলে তোমাদের সংহতি হতে হবে। আজকের জুম্মার দিন, আপনারা যেভাবে কথা শুনছেন এবং শুনে মাথা নাড়াচ্ছেন, আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে সেই ঐক্যমত্য আছে যে, দেশকে বাঁচাতে হবে। আমাদের কে বাঁচাবে? বাইরে থেকে কেউ বাঁচাবে না, আমাদেরকেই বাঁচাতে হবে।

ড. কামাল বলেন, স্বাধীনতা আমরা অর্জন করেছি। স্বাধীনতাকে রক্ষা করতে হলে আমাদের ভবিষ্যত প্রজন্মের স্বার্থে ক্ষমতা জনগণের হাতে এনে নিজেদের ভবিষ্যত আমরা সবাই মিলে করব, ইনশাআল্লাহ।

পত্র-পত্রিকার কথা উল্লেখ করে তিনি বলেন, পত্রিকায় বের হচ্ছে। এই যে রেকর্ড পরিমাণ টাকা তারা বাইরে পাঠাচ্ছে, কারা পাঠাচ্ছে। যাদের দেশপ্রেম থাকবে, দেশের প্রতি আস্থা থাকবে তারা তো এভাবে বিদেশে টাকা পাঠাবে না। সরকারকে বলতে চাই- এগুলো তদন্ত করো, কে করছে, কেন করছে। সরকারের যদি অনুমতি না থাকে তাহলে মানুষ ওইভাবে বাইরে টাকা পাঠাতে পারে না। এই লোকগুলো হাতেগোনা।

149 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন