
আপডেট: আগস্ট ৯, ২০২৬
স্টাফ রিপোর্টার ঃঃ বাংলাদেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত, টেকসই ও আধুনিক করতে নিরলসভাবে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ অর্থবছরে ‘জরুরি সাপোর্টে গ্রামীণ সড়ক’ শীর্ষক কর্মসূচির আওতায় বরিশালের উজিরপুর উপজেলার সুনুহার এলাকায় একটি আধুনিক আরসিসি সেতুর নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

আধুনিক নকশা ও প্রযুক্তি ব্যবহার করে নির্মিত সেতুটি উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগকে আরও শক্তিশালী করেছে। ফলে স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ হাজারো সাধারণ মানুষ নিরাপদ ও দ্রুত যাতায়াতের সুবিধা পাবেন।
সেতুটি চালু হওয়ায় কৃষিপণ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য বাজারজাতকরণ সহজ হবে। একই সঙ্গে পরিবহন ব্যয় ও সময় কমবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে। সেতুটিকে কেন্দ্র করে গ্রামীণ পরিবেশে বিনোদন ও নির্মল পরিবেশ উপভোগের সুযোগও তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্রকল্পটি এলজিইডির প্রধান প্রকৌশলীর সার্বিক নেতৃত্ব ও দিকনির্দেশনায় এবং বরিশাল জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আল ইমরানের নিবিড় তত্ত্বাবধান, দক্ষ ব্যবস্থাপনা ও গুণগত মান নিশ্চিতকরণের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, মাঠপর্যায়ের উপ-সহকারী প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টাও প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষজ্ঞদের মতে, দেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে এলজিইডির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের মাধ্যমে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, কর্মসংস্থান এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতির বিকাশেও ইতিবাচক প্রভাব পড়ছে।
টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এ ধরনের আধুনিক অবকাঠামো নির্মাণ কার্যক্রম ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।