
আপডেট: October 29, 2026

বিজয় নিউজ ::
বরিশালের হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে গুলিতে আকতার হোসেন (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। দয় নিচ্ছে না কেউ। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতের সঙ্গে থাকা অন্য জেলেদের দাবি, চাঁদপুর নৌ পুলিশের অভিযানের সময় ছোড়া গুলিতে তিনি নিহত হয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে চাঁদপুর নৌ পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য কোনো দপ্তরও এ ঘটনায় দায় স্বীকার করেনি।
নিহত আকতার হোসেন হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। তিনি চার মেয়ে ও দুই ছেলের বাবা।
ঘটনার প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল বেপারী জানান, তাঁরা ১৩ জন একটি ট্রলারে করে মেঘনা নদীতে মাছ ধরতে যান। তীর থেকে প্রায় আধা ঘণ্টা চলার পর হিজলা-গৌরবদী ইউনিয়নের ওরাকুল মাছঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে নৌ পুলিশের একটি ট্রলার তাঁদের কাছে আসে। এ সময় আকস্মিকভাবে রাবার বুলেট ছোড়া হয়। এতে আকতার হোসেনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত আকতারকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউসুফ ঘরামি জানান, তাদের পাঁচ-ছয়টি ট্রলার নদীতে ধাওয়া করছিল। একপর্যায়ে বাহিনীর সাথে সংঘাতের সৃষ্টি হয়। তবে ওই সংঘাতে কোন বাহিনী ছিল তা তারা জানেন না।
জাকির মাঝি নামের ওপর জেলে জানান, তারা মেঘনার বড় নদীতে মাছ শিকার করছিলেন। ভোর রাতের দিকে তাদের নৌকার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় আক্তার। তাকে হিজলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আব্দুল বেপারীর দাবি, চাঁদপুর নৌ পুলিশের একটি অভিযানকারী দল তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তবে কীভাবে ওই দলকে চাঁদপুর নৌ পুলিশ হিসেবে শনাক্ত করেছেন, জানতে চাইলে তিনি বলেন, গুলিবর্ষণের পরপরই কিছুটা দূরে আরেকটি অভিযান চালিয়ে কয়েকজন জেলেকে আটক করে চাঁদপুরে নিয়ে যায় নৌ পুলিশের সদস্যরা। এ কারণে তাঁর ধারণা, একই দল গুলি চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন চাঁদপুর নৌ পুলিশের সুপার সৈয়দ মুশফিকুর রহমান। তিনি বলেন, বরিশালের হিজলা তাঁদের আওতাধীন এলাকা নয়। ফলে সেখানে তাঁদের কোনো দলের অভিযান চালানোর প্রশ্নই আসে না। এ ঘটনায় কেউ নিহত হয়েছেন কি না, সে বিষয়েও তিনি কিছু জানেন না বলে জানান।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোরে কয়েকজন জেলে তাঁকে মেঘনা নদীতে একজন জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর দেন। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই জেলেকে উদ্ধারে উদ্যোগ নেন। হিজলা পুলিশকে খবর দিলে তারা গিয়ে আহত জেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও জানা যায়নি।
হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার সকালে তিনি মেঘনা নদীতে জেলে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন। মৎস্য অধিদপ্তরের কোনো অভিযানকারী দল ওই সময় নদীতে ছিল না। অন্য কোনো জেলার অভিযানকারী দল সেখানে অভিযান চালিয়ে থাকতে পারে।
এ বিষয়ে হিজলা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জানান, তাদের কোনো টিম নদীতে ছিল না। জেলে নিহতের ব্যাপারে তাদের কাছে সংবাদ আছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান হোসেন বলেন, পুরো বিষয়টি তদন্তাধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।