
আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৯
বিজয় নিউজ ডেস্ক:: কাজাখস্তানে ৯৫ জন যাত্রী ও ৫ ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সবচেয়ে বড় শহর আলমাতিতে বিমানবন্দরের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। আলমাতি বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে। খবর বিবিসি ও রয়টার্সের।
জানা যায়, বেক এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমান শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। এটি আলমাতি শহর থেকে দেশটির রাজধানী নুরসুলতানের উদ্দেশে যাচ্ছিল। পথে বিধ্বস্ত হয়ে পড়ে।
আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি উড্ডয়নের পর স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে দোতলা একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়ে পড়ে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। বিধ্বস্ত হওয়া বিমানটিতে ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
দেশটির বিমান কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমান দুর্ঘটনা আহত এক নারী চিৎকার করছেন।