
আপডেট: January 9, 2021
বিজয় নিউজ:: করোনাকালে সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও অক্সিজেন সংকট নিরসনে অক্লান্ত পরিশ্রমী করোনা যোদ্ধা পারভেজ আকণ বিপ্লব (৪৬) আর নেই।
শুক্রবার গভীর রাতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনেই মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন স্তরের মানুষ।
পারভেজ আকন বিপ্লব জেলা যুবদলের সভাপতি পদে ছিলেন। করোনা মহামারি শুরু পর থেকেই দুঃস্থ মানুষদের সেবায় নেমে পরেন বিপ্লব। নগরীর অলি গলি ঘুরে বিপাকে পরা সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন কয়েক দফায়। এরপর যাদের শ্বাসকষ্ট বা করোনা আক্রান্ত ছিলেন তাদের বাসায় গিয়ে অক্সিজেনের সংকটও নিরসন করেছেন পারভেজ আকন বিপ্লব। যা নিয়ে বেশ প্রশংসা কুড়ায় সে সময়। তাকে করোনা যোদ্ধা এবং মানবতার ফেরিওয়ালা হিসেবেও অভিহিত করেন অনেকে।
সর্বশেষ শীত মৌসুম শুরু হওয়ার পর পরই দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন তিনি। এছাড়াও নানা সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন তিনি।
রক্তঝুমুর খেলাঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক ও খেলাঘর বরিশালের সাবেক সদস্য ছিলেন বিপ্লব।
বিপ্লবের জানাযা শনিবার দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহন করেন। এরপর তাকে বরিশাল মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।