১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বাংলাদেশে রোহিঙ্গা বোঝা কমাতে বিশ্বের প্রতি ভারতের আহ্বান

আপডেট: আগস্ট ৪, ২০১৯

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাংলাদেশের সমাজ ও অর্থনীতিতে ব্যাপক সংকট সৃষ্টি করা সত্যেও তাদের প্রতি যে উদারতা দেখানো হচ্ছে তার জন্য ঢাকার ভূয়সী প্রশংসা করেছে নয়াদিল্লি। আসিয়ান থেকে প্রকাশিত এ বছরের বার্ষিক নিরাপত্তা প্রতিবেদনে রোহিঙ্গা সংকট ইস্যুতে বাংলাদেশের উদারতার এ স্বীকৃতি দিয়েছে ভারত। একইসঙ্গে দেশটি বিশ্বের দেশগুলোর কাছে রোহিঙ্গাদের কারণে সৃষ্ট মানবিক বোঝা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করার আবেদন জানিয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) ২৬তম সম্মেলন চলাকালীন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ২০৬ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ভারত বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়নের অংশীদার রাষ্ট্র। তারই অংশ হিসেবে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যে আর্থ-সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ, তাতে অগ্রাধিকারের ভিত্তিতে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত। ওই প্রতিবেদনে আরো বলা হয়, এই অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, বাণিজ্য ও উভয় দেশের জনগণের মধ্যে সমপর্ক উন্নয়নেও সচেষ্ট ভারত। দেশটি এসব দিকে দীর্ঘস্থায়ী অগ্রগতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
এ ছাড়া, বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো খাতে উন্নয়ন ও পরিবহন সংযোগস্থল নির্মাণে ঢাকার সঙ্গে নয়াদিল্লি কাজ করছে বলেও জানানো হয় আসিয়ানের ওই প্রতিবেদনে। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১১ লাখেরও অধিক রোহিঙ্গা অবস্থান করছে। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে তারা পালিয়ে সীমান্তের এ পাড়ে আশ্রয় নিয়েছে। তাদেরকে পুনরায় মিয়ানমারে পুনর্বাসনের জন্য ২০১৭ সালের ২৫শে নভেম্বর দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে পাঠানো সম্ভব হয়নি। তাই আসিয়ানের আঞ্চলিক ফোরামে রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে নিরাপদ ও সুরক্ষার সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিত করতে এআরএফ সদস্যদের সহযোগিতা চান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত ওই সম্মেলনে ২৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, বৃটেন, জাপান, চীন ও ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা যোগ দেন।

138 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন