১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ট্রেনের আগাম টিকিট: প্রথম দিন টিকিট পেলেন সবাই। আজ দেয়া হবে ৮ আগস্টের

আপডেট: জুলাই ৩০, ২০১৯

কমলাপুর রেলস্টেশন।
ঈদ উপলক্ষে ছাড়া ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সোমবার ছিল প্রথম দিন, এ দিন দেয়া হয়েছে ৭ আগস্টের অগ্রিম টিকিট। ৩৪টি আন্তঃনগর ট্রেনের মোট ২৫ হাজার ৮৯৪টি টিকিটের মধ্যে ১০ হাজার ৬৭০টি অ্যাপস এবং বাকি টিকিট কাউন্টার থেকে বিক্রির জন্য ছাড়া হয়।

সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনসহ রাজধানীর পাঁচটি স্থানে কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। যমুনা সেতু হয়ে পশ্চিমাঞ্চলগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে ঢাকার কমলাপুর থেকে, চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিমানবন্দর স্টেশন থেকে, ময়মনসিংহ-জামালপুরগামী আন্তঃনগর ট্রেনের টিকিট তেজগাঁও রেলওয়ে স্টেশন থেকে, নেত্রকোনার মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বনানী স্টেশন থেকে এবং পুরুলিয়ার পুরাতন বিল্ডিং থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে।

ভোর ৬টা থেকে অনলাইনে ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। অ্যাপসের মাধ্যমে প্রতিদিন রাত ১১টা এবং কাউন্টার থেকে বিকাল ৫টা পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করছে কর্তৃপক্ষ। প্রতিবারের মতো এবারও কমলাপুরসহ ৫টি স্টেশন কাউন্টারে রোববার দুপুর থেকে অগ্রিম টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ান যাত্রীরা। প্রথম দিন কাউন্টার থেকে প্রায় সবাই টিকিট কাটতে পেরেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে ভিড় বাড়তে পারে আজ থেকে।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন কমলাপুর স্টেশনের টিকিট বিক্রি কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, এবার অনলাইনে টিকিট বিক্রির পরিস্থিতি সন্তোষজনক। গত ঈদে একটা অভিযোগ ছিল মোবাইল অ্যাপ ও অনলাইনে টিকিট কাটা যাচ্ছিল না।

এবার পরিস্থিতি ভালো মনে হচ্ছে। এবার কোনো অভিযোগ থাকবে না। তবে সীমিত টিকিট থাকায় কাক্সিক্ষত টিকিট সবাইকে দেয়া সম্ভব হয়নি। মন্ত্রী বলেন, ঈদের সময় ট্রেনে যাত্রীদের বাড়তি চাপ থাকে। সেজন্য আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ৩০ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে। বিশেষ ট্রেনের দুই হাজার ৬৫৩টি টিকিট বিক্রি হবে বলেও জানান তিনি।

সিএনএস কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে আমরা প্রতিদিন আন্তঃনগর ট্রেনের ২৫ হাজার ৮৯৪টি টিকিট বিক্রি করছি। যারমধ্যে অ্যাপসের মাধ্যমে ১০ হাজার ৬৭০টি। বাকি টিকিট কাউন্টার থেকে বিক্রি হচ্ছে। সোমবার বিকাল ৪টা ৪২ মিনিট পর্যন্ত অ্যাপস থেকে ৮ হাজার ৫৯১টি টিকিট বিক্রি হয়েছে। কার্যক্রম রাত ১১টা পর্যন্ত চলবে। ১১টার পরও যদি অ্যাপসের টিকিট অবিক্রীত থাকে তাহলে ২৪ ঘণ্টা পর তা কাউন্টারেও বিক্রি হবে।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল যুগান্তরকে জানান, ঈদের সময় মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন ৫৯ হাজার ৬৭৭টি টিকিট বিক্রি করা হবে। আজ বিক্রি করা হবে ৮ আগস্টের টিকিট। আগামীকাল ৩১ জুলাই বিক্রি হবে ৯ আগস্টের টিকিট। ১ আগস্ট বিক্রি হবে ১০ আগস্টের টিকিট ও ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট।

208 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন